নিউজপোল ব্যুরো: ভোরের বাতাসে হালকা শিরশিরানি, ঘাসের ডগায় শিশিরের ছোঁয়া আর মিঠে রোদের উষ্ণতা—হেমন্তের এই চেনা ছবির মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। পুজোর মরশুম পেরিয়ে এবার শীতের অপেক্ষায় বঙ্গবাসী। তবে কবে থেকে বাংলার আকাশ-বাতাসে অনুভূত হবে শীতের প্রকৃত আমেজ? আবহাওয়ার পূর্বাভাসে মিলছে সেই প্রশ্নেরই ইঙ্গিত।
নভেম্বরের প্রথম সপ্তাহের শুরুতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৫ থেকে ৭ নভেম্বরের পর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে মরশুমি পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সমতলের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশার সঙ্গে অনুভূত হবে শীতের আমেজ।
তবে প্রকৃত শীতের জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শীতের অনুভূতি বাড়তে পারে। যদিও এবার শীতের স্থায়িত্ব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র ১৫ থেকে ২০ দিনের মতো ভালো ঠান্ডা অনুভূত হতে পারে বলে ইঙ্গিত।
অর্থাৎ, হেমন্তের বিদায় ঘণ্টা বাজলেও শীতের আসল দাপট শুরু হতে এখনও কিছুটা অপেক্ষা।
