শনিবার রাতেই বড়সড় রেল পরিষেবা বিঘ্ন! শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রাজ্য

নিউজপোল ব্যুরো:   শনিবার রাতে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তাই আগে থেকেই দিয়েছে সর্তকবার্তা। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। এর ফলে সমস্যায় পড়তে পারেন শিয়ালদহ-রানাঘাট শাখার নিত্যযাত্রীরা।

রেল সূত্রে খবর, কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যবর্তী অংশে ট্র্যাক এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখা মিলিয়ে প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, লালগোলা, দত্তপুকুর এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখার একাধিক ট্রেন।

শুধু ট্রেন বাতিলই নয়, কয়েকটি পরিষেবার যাত্রাপথও বদল করা হয়েছে। শনিবারের ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। অন্যদিকে, রবিবারের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে এবং কাঁচরাপাড়া পর্যন্ত চলবে।

এদিকে, আসানসোল ডিভিশনের পরাজ ও গলসি স্টেশনের মাঝেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ও ৩ নভেম্বর চারটি মেমু ট্রেন বাতিল থাকবে। ফলে সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতের আগে সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।