নিউজপোল ব্যুরো: রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব শুভেন্দু অধিকারী। এবার সংঘাতের কেন্দ্রে পুলিশি ভূমিকা নিয়ে। রাজ্যের একাংশ পুলিশ আধিকারিক রাজনৈতিক নির্দেশে কাজ করছেন এবং তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন অভিষেক। এই অভিযোগ তুলে সংশ্লিষ্ট অফিসারদের কড়া ভাষায় সতর্ক করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অভিষেকের দাবি, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রত্যেকের নাম ও ভূমিকা চিহ্নিত করে রাখা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা, সরকার বদল হলে কাউকেই রেয়াত করা হবে না। অভিষেক বলেন, “সরকার যখন বদলাবে তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।” এমনকী, কেউ ক্ষমা চেয়ে পার পেয়ে যাবেন, সেই সুযোগও থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, অভিষেকের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, “সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে।” নিউইয়র্কে যেতে চাইলে এনওসি দেওয়ার কথাও বলেন তিনি। শেষে শুভেন্দুর সংক্ষিপ্ত মন্তব্য, “আমরা সব দেখছি।” দুই নেতার এই বাকযুদ্ধ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
