নিউজপোল ব্যুরো: শুক্রবার সকালেই দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। আবাসনের ৩ নম্বর টাওয়ারের ২৭ তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
হঠাৎ আবাসনের বাসিন্দারা ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ওঠে। সকাল ৮টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। খবর পেয়েই একের পর এক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোট সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। প্রথম দিকে আবাসনের নিরাপত্তারক্ষী এবং কয়েকজন বাসিন্দাও আগুন নেভানোর চেষ্টা করেন।
নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে লিফট ব্যবহার করা সম্ভব হয়নি। সিঁড়ি দিয়ে শিশু ও বৃদ্ধদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় কোন বিশৃঙ্খলা তৈরি হয়নি।
দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন জায়গায় আগুনের অবশিষ্ট অংশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আবাসনের ভিতরে কেউ আটকে নেই বলেও জানা গিয়েছে।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
