অর্ণবের প্রভাব কাটেনি, শুক্রবারও দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: দুর্বল হলেও এখনও ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব সক্রিয়। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় এখন নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট অংশ দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে এটি আরও দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির বহাল রয়েছে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দার্জিলিং ও জলপাইগুড়ির কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জল জমা এবং পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কাও থাকছে।