প্রেমের সম্পর্ক ঘিরে সংঘাত, অভিযুক্তদের হাঁটানো নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

রাজ্য

নিউজপোল ব্যুরো: বেহালার সরশুনা কান্ডের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC)। কলকাতা পুলিশ প্রকাশ্যে অভিযুক্তদের কোমরে দড়ি পড়িয়ে খালি গায়ে এলাকায় হাঁটানো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুলিশের কাছে জবাব চাইল সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়েছে মানবাধিকার কমিশন। আগামী ১৪ দিনের মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ২৭ শেষ অক্টোবর এক নাবালিকার সঙ্গে তার প্রেমিক ও এক বন্ধুকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের কয়েকজন সদস্য। এরপর দুই যুবককে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। যুবকের বাবাকেও ডেকে এনে হেনস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের পোশাক খুলতে বাধ্য করার অভিযোগও সামনে আসে। এই ঘটনায় নাবালিকার বাবা, মা ও মামাকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁদের খালি গায়ে ও জুতো ছাড়া রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।

জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য, সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ সত্যি হলে তা নাগরিকের মর্যাদা ও মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন হতে পারে। আইন প্রয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে চায় কমিশন।

তাই কলকাতার পুলিশ কমিশনারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।