নিউজপোল ব্যুরো: কালীপুজো ও ছটপুজোয় পরিবেশ দূষণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য প্রশাসন।নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন সিপি অজয় নন্দা ও স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, উৎসবে শুধুমাত্র পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ব্যবহার করা যাবে। কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো যাবে না। বহুতল আবাসনে বাজি ফাটানোর সময় ধোঁয়ার মাত্রার দিকেও নজর রাখতে বলা হয়েছে। ফানুস ওড়াতে দমকল বিভাগের লাইসেন্স বাধ্যতামূলক ।প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনে লোকালয় থেকে দূরে বাজির বাজার বসাতে হবে।
ইতিমধ্যেই বড়বাজার থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রসচিবের বার্তা, উৎসবের আনন্দে যেন অন্যের ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
