কালীপুজোর মুখে সর্বনাশ! বর্ধমানে আগুনে ভস্মীভূত ৩৫টি প্রতিমা, লক্ষাধিক টাকার ক্ষতি

রাজ্য

নিউজপোল ব্যুরো:   কালীপুজোর আর হাতে গোনা কটা দিন। যে কোনো মৃৎ শিল্পীর কাছে এটা খুব ব্যস্ততার সময়।বর্ধমানের মৃৎশিল্পী সুবোধ দাস।বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়ার তাঁর প্রতিমা তৈরির কারখানা । মঙ্গলবার রাতে সেই কারখানায় আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩৫টি কালী প্রতিমা,ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমা তৈরির সামগ্রী, একটি বাইক ও একটি সাইকেলও।

শিল্পীর অভিযোগ, তাঁর এলাকায় বেশ কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটায় এক চোরকে হাতেনাতে ধরতে সাহায্য করেছিলেন তিনি। সেই আক্রোশ থেকেই তাঁর কারখানায় আগুন লাগানো হয়েছে বলে মনে করেন সুবোধ।যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ছোটনীলপুর সুভাষপাড়ায় নিজের কারখানায় কালী প্রতিমা তৈরি করেন সুবোধ দাস। মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে নাগাদ তাঁর কারখানায় আগুন লাগানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে শিল্পী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ৩৫টি প্রতিমার খড়ের কাঠামো, সাজসজ্জার উপকরণ এবং অন্যান্য সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

কালীপ্রতিমা তৈরির জন্য বিভিন্ন ক্লাব থেকে তিনি অগ্রিম টাকা নিয়েছিলেন । এখন এই হাতে গোনা সময়ের মধ্যে নতুন করে প্রতিমা তৈরি করে কিভাবে ক্লাব গুলিকে দেবে তাই নিয়েই দুশ্চিন্তায় সুবোধ। এখন চোখের জল ফেলে চলেছেন মৃৎশিল্পী সুবোধ দাস। ইতিমধ্যেই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।