নিউজ পোল ব্যুরো: শীতের মরসুমের শুরুতেই রাজ্যে ঠান্ডার দাপট স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই ভোরের দিকে হাওয়া আরও ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, আপাতত এই নিম্ন তাপমাত্রার প্রবণতা বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শীতের স্বাভাবিক ছন্দই দেখা যাবে। আগে লা নিনা পরিস্থিতির কারণে প্রবল ঠান্ডা পড়তে পারে বলে অনুমান থাকলেও, বর্তমানে সেই আশঙ্কা কেটে গিয়েছে। ফলে চলতি মরশুমে চরম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update)।
বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা না থাকায় রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া সহ বহু জেলায় শীত স্বাভাবিক মাত্রায় বজায় থাকবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে—সপ্তাহের মধ্যে কোথাও কোথাও পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার, অর্থাৎ ১২ই ডিসেম্বরের আবহাওয়ার পূর্ণাঙ্গ আপডেট—শীতের দাপট বজায় থাকবে, কুয়াশা বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই। শহর এবং তার আশপাশের জেলাগুলিতে, যেমন হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভোরবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও কোথাও কুয়াশা সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি হয়নি (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে চলছে কুয়াশার রাজত্ব (North Bengal Weather Update)জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। অনেক এলাকায় দৃশ্যমানতা মাত্র ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। দার্জিলিংয়ে ইতিমধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গেছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা থাকলেও বড় কোনও পরিবর্তনের আশঙ্কা নেই (Weather Update)।
