SAAF women’s club championship: পাকিস্তানের করাচি সিটিকে হারিয়ে তাদের কোচকে কড়া জবাব দিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ভারতের পতাকাবাহক ইস্টবেঙ্গল (East Bengal)। আর লাল হলুদ সেই জাতীয় পতাকার মান রাখল। পাকিস্তানের করাচি সিটি এফসিকে (Karachi City FC) ২-০ গোলে হারাল তারা। এই লড়াই শুধু দুই ক্লাবের ছিল না। এই লড়াই ছিল আবেগের। ভারত-পাক মহারণ মানেই স্নায়ুযুদ্ধ। আর সেই স্নায়ুর চাপ নিয়েই খেলতে নেমেছিল দুই দল। পাকিস্তান এবং ভারতের দল যখন মুখোমুখি হবে আর কথার লড়াই হবে না তাই কি হয়! ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে করাচি সিটি এফসির কোচ আদিল মির্জাকে (Adil Mirza) পালটা দিলেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ (Anthony Andrews)।

আরও পড়ুন:Virat Kohli and Rohit Sharma grade: বিরাট-রোহিতের কি পে-কাট হবে!

চলতি এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। টানা দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল মহিলা দল। বৃহস্পতিবার পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে লাল-হলুদের ম্যাচটি ঘিরে দুই দেশের রাজনৈতিক আবহের জন্য বাড়তি কৌতূহল ছিল ক্রীড়াপ্রেমীদের মাঝে। তবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ব্যবধান স্পষ্ট হয়ে যায়।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় সুলঞ্জনা রাউলরা। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই দুর্দান্ত ফিনিশে লিড এনে দেন সুলঞ্জনা। গোলের পরও থামেননি লালহলুদ ফরোয়ার্ডরা। পাক ডিফেন্স ভেদ করে বারবার আক্রমণে উঠলেও প্রথমার্ধে আর জাল ভেদ করা যায়নি। তবে বিরতির পর মুহূর্তেই ফের আঘাত হানে ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে রেস্টির গোলেই কার্যত ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে এই জয়ের গুরুত্ব অপরিসীম। আগের ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ হারিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, করাচি সিটির বিরুদ্ধে ২-০ জয় সেই ছন্দকেই আরও উজ্জ্বল করে তুলল। পাঁচ দলের রাউন্ড রবিন লিগে দুই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল শীর্ষে, গোলপার্থক্যেও তারা অনেকটাই এগিয়ে।

এখন ভারতের ইস্টবেঙ্গলের সামনে বাকি রয়েছে আরও দু’টি লিগ ম্যাচ। তবে বৃহস্পতিবারের পারফরম্যান্সে স্পষ্ট—ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে এক ধাপ এগিয়ে গিয়েছে লাল হলুদের মহিলা ব্রিগেড। সামনে শুধু ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ।

ম্যাচের পর পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসির কোচ আদিল মির্জা ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানিয়েছেন, “আমি ওদের থেক আরও বেশি আশা করেছিলাম। কারণ ওরা এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রোফাইল নিয়ে এই টুর্নামেন্ট খেলতে এসেছে। কিন্তু আমি হতাশ। আমাকে আরও ২০ দিন সময় দেওয়া হোক। আমার টিম ওদের চাপে ফেলে দেবে।” পাকিস্তান কোচের এই কথার পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ জানিয়েছেন, “করাচি সিটির কোচ আক্ষেপ করুক। আমি তিন পয়েন্ট নিয়ে খুশি। পরের বার মুখোমুখি হলে ওনার আক্ষেপ মিটিয়ে দেব।”