নিউজ পোল ব্যুরো: শীতের উৎসবের মরসুম এগোতেই বড়দিন (Christmas), ইংরেজি নববর্ষ (New Year Celebration) এবং উইন্টার ইভেন্ট (Winter Fest Events) ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। হোটেল (Hotels), নাইট ক্লাব (Night Clubs), রেস্তরাঁ (Restaurants) এবং পানশালাগুলিতে (Pubs) ইতিমধ্যেই রিজার্ভেশন থেকে সাজসজ্জা—সব কিছুতেই উৎসবের আমেজ স্পষ্ট। প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে শহর জুড়ে হয় বহু কনসার্ট (Live Concerts), ডিজে নাইট (DJ Night), কালচারাল শো (Cultural Shows) এবং থিম পার্টি (Theme Parties)। আর ঠিক এই কারণেই কর ফাঁকি ও অনুমতি-বিহীন অনুষ্ঠানের রাশ টানতে এ বার বিশেষ নজরদারির পথে হাঁটছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
পুরসভা সূত্রে খবর, ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান (Special Inspection Drive) চালাবে কর দফতরের দল। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে এই নজরদারি। বিশেষ অনুষ্ঠান হলে বা রাতভর পার্টির আয়োজন থাকলে দল নেমে পড়বে আরও দেরিতে। পুরসভার এক আধিকারিকের কথায়, “যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান (Entertainment Event) করার আগে পুরসভার অনুমতি পাওয়া বাধ্যতামূলক। পাশাপাশি নির্দিষ্ট বিনোদন কর (Entertainment Tax) মিটিয়েও রাখতে হবে। নিয়ম ভেঙে অনুষ্ঠান করলে মোটা জরিমানা করা হবে। বিশেষত মধ্যরাত পেরিয়ে পার্টি চললে করের অঙ্ক দ্বিগুণ।”
শোনা গিয়েছে, শুধু বড় হোটেল বা ক্লাব নয়—শহরের নানা প্রদর্শনী (Exhibitions), মেলা (Fair Grounds), পার্ক, খোলা মাঠ কিংবা সাময়িক ইভেন্ট ভেন্যুতেও (Event Venues) এই নজরদারি চলবে। পুরসভার দাবি, বহু ক্ষেত্রে ‘মেলার’ নামে বড়সড় বিনোদনমূলক অনুষ্ঠান হলেও সেই কর জমা দেওয়া হয় না। এই বছর সেই ফাঁকফোকর রুখতেই কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও কর বিভাগের এক অভ্যন্তরীণ সূত্র জানায়, আগের বছরের তুলনায় কর্মী সংখ্যা কিছুটা কম থাকায় অভিযানের পরিধি কিছুটা সীমিত হতে পারে। তবুও দু’টি বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে (Special Task Teams), প্রয়োজনে আরও কর্মী যোগ করার ইঙ্গিতও মিলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বড়দিন ও নববর্ষে পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন থেকে গড়িয়া হাট—প্রতিটি জায়গাই হয়ে ওঠে মানুষের ভিড়ের কেন্দ্র। সেই ভিড় ও উৎসবের মাঝে নিয়ম বজায় রাখা এবং কর ফাঁকি আটকাতেই এ বার কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। অনুমতি ছাড়াই অনুষ্ঠান বা নিয়ম ভেঙে পার্টি আয়োজন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তাও দিয়েছে কর দফতর। পাশাপাশি পুরসভার হিসেব বলছে, এই নজরদারির ফলে বছরশেষে মোটা অঙ্কের জরিমানা আদায় (Revenue Collection) হওয়ার সম্ভাবনাও প্রবল।
