‘১৯টি প্রাণের বিচার চাই’, চোরবাগানকাণ্ডে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগান দুর্গাপুজোয় মর্মান্তিক কান্ডে শোকের ছায়া গোটা রাজ্যে। এই পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর তদন্তের গতিবিধি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোরবাগান কান্ডে ১২ দিন পার হলেও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জবাবদিহি নিয়ে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশুও রয়েছে বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ।

অভিষেকের বক্তব্য, এই বিপর্যয়ের তদন্তে কোনওরকম রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। তাঁর কথায়, “চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার ১২ দিন পেরিয়ে গেল। সাত বছরের এক নিষ্পাপ শিশু সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। অথচ এত বড় বিপর্যয়ের পরেও তদন্তের স্বচ্ছতা এবং আয়োজকদের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গিয়েছে।”

আয়োজক কমিটির চেয়ারম্যান বিজয় ওঝা, প্রধান উপদেষ্টা তমাঘ্ন ঘোষ এবং প্রধান পৃষ্ঠপোষক দেবদীপ অধিকারীর ভূমিকা ও তদন্তের গতিবিধি জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই ব্যক্তিদের কেন এখনও জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হয়নি।

অভিষেকের দাবি, SIT-এর তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রভাবমুক্ত। তাঁর কথায়, “কয়েকজন চুনোপুঁটিকে গ্রেফতার করে এতগুলো নিরীহ মানুষের মৃত্যুর দায় এড়ানো যাবে না।” সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা—প্রতিটি স্তরে কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা, “১৯টি প্রাণের বিচার চাই।” চোরবাগানকাণ্ডে প্রকৃত দায় কার, তদন্তে কী উঠে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।