নিম্নচাপ ঘূর্ণাবর্তে বদলালেও রেহাই নেই! কাজের সপ্তাহের শুরুতেই দিনভর ভিজবে কলকাতা, মঙ্গলে ৩ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে শেষমেশ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে এতেই কিন্তু স্বস্তির কোনো খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের প্রথম কাজের দিনেও সকাল থেকেই মেঘলা থাকবে কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারেও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ছুটির দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি দফায় দফায় ভিজেছে। যার জেরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩.৬ ডিগ্রি কম। তবে তাপমাত্রা কমলেও এখনই প্যাচপ্যাচে গরম থেকে রেহাই মিলছে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় একটা গুমোট অস্বস্তি বজায় থাকবে। আপাতত মৌসুমি অক্ষরেখাটি রাঁচি ও দিঘার ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই আজ সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একটানা এই প্রবল বর্ষণের জেরে পাহাড়ের নদীগুলির জলস্তর মারাত্মকভাবে বেড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলোতেও ধস নামার বড়সড় সতর্কতা জারি করেছে প্রশাসন। ফলে সপ্তাহের শুরুতেই পাহাড় থেকে সমতল—রাজ্যজুড়ে জারি থাকছে বৃষ্টির দাপট।