‘কোনও মেসেজ আসেনি, সইও করিনি’, PNB-তে ৩৫ কোটি টাকা উধাওয়ের অভিযোগ

দেশ

নিউজপোল ব্যুরো: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিপুল অর্থের গড়মিল। অ্যাকাউন্টে জমা রয়েছে টাকা, অথচ খুলে দেখা যাচ্ছে বিপুল অঙ্কের অর্থ উধাও! গ্রাহকদের দাবি, তাঁদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট থেকে প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ ব্যাঙ্কের অজান্তে কীভাবে লেনদেন হল।

কৃষক নেতা ব্রিজেশ ভাটির দাবি, আশপাশের গ্রামের ৫০ জনেরও বেশি কৃষকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। অভিযোগকারীর দাবি টাকা তোলার বিষয়ে কোনও সতর্কবার্তা বা মেসেজ তাঁদের ফোনে আসেনি। লেনদেনের জন্য কোনও নথিতে সইও করেননি তাঁরা। নয়ডা বিমানবন্দরের জন্য জমি দিয়ে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া অর্থও এই ঘটনায় খোয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু কিছু গ্রাহকের জমানো টাকা খোয়া গেছে।

এক গ্রাহক বিজেন্দ্র সিং জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টে আগে ৮৭ থেকে ৮৮ লক্ষ টাকা ছিল। এখন সেখানে মাত্র এক লক্ষ টাকা দেখা যাচ্ছে। অন্য গ্রাহক হানিফ খানের দাবি, তাঁর অ্যাকাউন্টে থাকা ৩৯ লক্ষ টাকাও আর দেখা যাচ্ছে না।

ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রাঞ্চ ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করেছে PNB কর্তৃপক্ষ। কীভাবে এই ঘটনা ঘটল, কারা এর পিছনে রয়েছে এবং গ্রাহকরা তাঁদের টাকা ফেরত পাবেন কি না, এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে।