নিউজপোল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটা ভিডিয়োকে কেন্দ্র করে ফের চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকার তুরাগ নদ থেকে উদ্ধার হল বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তৌসিফ সৌরির দেহ। ২৮ বছর বয়সি এই প্রাক্তন অফিসারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কেএম সৌরির পরিবারের দাবি মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে অন্য কোন কারণ রয়েছে। তাঁদের অভিযোগ, শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভাইরাল ভিডিয়ো রেকর্ড করার সঙ্গে সৌরির নাম জড়িয়েছিল। সেই ঘটনার পর তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল বলেও দাবি পরিবারের। একাধিক বায়ুসেনা আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগও সামনে এসেছে।
গত ২৮ অক্টোবর ঢাকার রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তার আগের দিন থেকেই নিখোঁজ ছিলেন সৌরি। বিকেল সাড়ে চারটে নাগাদ দেহ উদ্ধারের পর তাঁর পরনে থাকা পোশাক এবং পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
