৩,০০০ কোটির বিনিয়োগে কর্মসংস্থানের নতুন দিশা বাংলায়, অগ্নিমিত্রা পলের হাত ধরে এক নিমেষে পাল্টে যাচ্ছে তিলোত্তমার ছবি?

breakingnews আইন কলকাতা প্রযুক্তি

নিউজপোল ব্যুরো: শহরের রাস্তাঘাট আরও সুন্দর করা, জমে থাকা আবর্জনার সমস্যা কমানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি—এই তিন লক্ষ্যকে সামনে রেখে বড় উদ্যোগের কথা সামনে এল পশ্চিমবঙ্গে। কলকাতার নগর পরিষেবায় নতুন পরিবর্তন আনার পরিকল্পনায় প্রায় ৩,০০০ কোটি টাকার বিনিয়োগের জন্য Skymax Infra Power Limited-এর সঙ্গে মউ (MoU) স্বাক্ষর করল রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। বৃহস্পতিবার সল্টলেকে নগরায়ন ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই পরিকল্পনার অন্যতম বড় দিক হল বর্জ্য থেকে পরিবেশবান্ধব জ্বালানি তৈরি। সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকাকে প্রথম পর্যায়ে গুরুত্ব দিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এবং কমপ্রেসড বায়োগ্যাস বা CBG তৈরির প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যে আবর্জনা শহরের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য সমস্যা তৈরি করে, তার উপযুক্ত অংশ কাজে লাগিয়ে জ্বালানি তৈরির চেষ্টা হবে। সংস্থার দাবি, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে কতগুলি কেন্দ্র তৈরি হবে এবং কাজ কত দূর এগোবে, তা বাস্তবায়নের পরবর্তী পর্যায়ে স্পষ্ট হবে।

প্রকল্পের আওতায় শুধুমাত্র গ্যাস তৈরিই নয়, নিকাশি ব্যবস্থা আধুনিক করা এবং শহরের অলিগলি সুন্দর করার উদ্যোগও একসাথে চলছে। বহুদিনের পুরোনো জঞ্জাল সরিয়ে সেখানে গড়ে তোলা হবে আধুনিক সবুজ পরিকাঠামো। দীর্ঘদিনের নোংরা-আবর্জনা আর জটলা কাটিয়ে তিলোত্তমা শহর কীভাবে এক নতুন রূপ নেয়, এখন সেদিকেই চোখ রাখছেন কলকাতার সাধারণ নাগরিকরা।