নিউজপোল ব্যুরো: তৃনমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, চাকরি চুরির অভিযোগে উঠেছে। আবার সেই চাকরি চুরির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
তিনি বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সজল দাস নামে এক যুবকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। চাকরির আশায় একাধিক দফায় অজিত মাহাতোকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সজল।
ঝাড়গ্রামের থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। অজিত মাহাতোর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে খবর।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছিলেন অজিত মাহাতো। তবে রাজেশ মাহাতোর কাছে পরাজিত হন তিনি।
