CBSE-র দশম শ্রেণির সিলেবাসে বড়সড় বদল! তিন ভাষা-সহ ৯টি বিষয় বাধ্যতামূলক, পাসের নিয়মেও নতুন ঘোষণা

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: দশম শ্রেণির পড়াশোনা ও পরীক্ষা পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। স্কুলের পড়াশোনা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, দক্ষতা বৃদ্ধির দিকেও জোর দিতে চলেছে CBSE। এবার দশম শ্রেণির পাঠ্যক্রম এবং মূল্যায়ন ব্যবস্থায় একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ২৯ অক্টোবর প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হবে এই ব্যবস্থা। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পড়ুয়াদের পরীক্ষা হবে আগের নিয়মেই।

নতুন কাঠামোয় দশম শ্রেণির পড়ুয়াদের জন্য থাকছে মোট ন’টি বাধ্যতামূলক বিষয়। তিনটি ভাষার পাশাপাশি গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলাশিক্ষা, শারীরশিক্ষা ও সুস্থতা এবং বৃত্তিমূলক শিক্ষা পড়তে হবে। অর্থাৎ, এতদিনের প্রচলিত পাঠ্যক্রমে নতুন করে জায়গা পাচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। অন্যদিকে, পরিবেশবিদ্যা আর থাকছে না নতুন সিলেবাসে।

পছন্দের বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রেও সুযোগ বাড়াচ্ছে বোর্ড। ৫৭টি বিষয়ের তালিকা থেকে একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে পারবে পড়ুয়ারা। এর মধ্যে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, সংগীত, পেইন্টিং-সহ বিভিন্ন বিষয়।

পরীক্ষার মূল্যায়নেও থাকছে আলাদা ব্যবস্থা। পাঁচটি প্রধান বিষয়ে বোর্ডের পরীক্ষা দিতে হবে। বাকি কয়েকটি বিষয়ের মূল্যায়ন করবে সংশ্লিষ্ট স্কুল। তবে পাশের ক্ষেত্রে নিয়মে বড় কোনও ছাড় নেই। অভ্যন্তরীণ মূল্যায়ন ও বোর্ডের পরীক্ষার নম্বর মিলিয়ে প্রতিটি বাধ্যতামূলক বিষয়ে অন্তত ৩৩ শতাংশ পেতে হবে। নতুন এই কাঠামোয় পড়ুয়াদের একাধিক ক্ষেত্রে দক্ষ করে তোলাই CBSE-র অন্যতম লক্ষ্য।