নিউজ পোল ব্যুরো: নিয়োগ প্রক্রিয়ায় (SSC) অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফের পথে নামলেন নতুন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পাঁচ দফা দাবি তুলে ধরে আন্দোলনকারীরা জানান, বর্তমান নিয়োগ নীতির ফলে নতুন চাকরিপ্রার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, এসএসসি-র (SSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মরত বা অভিজ্ঞ শিক্ষকদের জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। এর ফলে তুলনামূলক কম নম্বর পেয়েও তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন, অথচ নতুন চাকরিপ্রার্থীরা বেশি নম্বর পেয়েও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, এই নিয়ম সম্পূর্ণভাবে বৈষম্যমূলক এবং তা অবিলম্বে বাতিল করা উচিত।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই সময় নিয়োগ নীতিতে কিছু পরিবর্তন আনা হয়। এসএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন নতুন চাকরিপ্রার্থী এবং চাকরিহারা যোগ্য শিক্ষক উভয়েই। ফল প্রকাশের পর দেখা যায়, অভিজ্ঞতার জন্য পাওয়া অতিরিক্ত নম্বরের জেরে অনেক চাকরিরত প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পেলেও নতুন প্রার্থীরা পিছিয়ে পড়ছেন।এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “আমি পরীক্ষায় ৫৮–৫৯ নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাইনি। অথচ চাকরিরতরা অতিরিক্ত ১০ নম্বর পেয়ে সুযোগ পাচ্ছেন। আমাদের জায়গা শ্রেণিকক্ষে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও এসএসসি (SSC) দায়ী।”
আরও এক চাকরিপ্রার্থী জানান, “আমরা পাঁচ দফা দাবি নিয়ে আজ মিছিল করেছি। আমাদের প্রধান দাবি, অতিরিক্ত ১০ নম্বরের নিয়ম বাতিল করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সব প্রার্থীর মূল্যায়ন সমান মানদণ্ডে হয়। আমরা চাই যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হোক।” আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, রাজ্য সরকার ও কমিশন দ্রুত তাঁদের দাবিগুলি বিবেচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
