নিউজ পোল ব্যুরো: বেতন বৃদ্ধির দাবিতে হিডকো(HIDCO) ভবনের সামনে বিক্ষোভ চুক্তিভিত্তিক কর্মীদের। সোমবার দুপুরে নিউ টাউন হিডকো ভবনের সামনে প্রায় ৪০০ থেকে ৫০০ চুক্তিভিত্তিক কর্মী বেতন বৃদ্ধির দাবিতে জমায়েত করেন। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা হিডকোর আন্ডারে কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে ইকোপার্ক, বিশ্ববাংলা গেট, এয়াক্রাফট মিউজিয়াম, স্নেহদিয়া, স্বপ্নভোর সহ হিডকোর বিভিন্ন বিনোদন পার্ক ও রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন। অভিযোগ তাদের বেতন ১০ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ। এই টাকা দিয়ে দুর্মূল্য বাজারে সংসার চালানো দায়। বেতন বৃদ্ধি নিয়ে কর্মীদের দাবি ১০ বছর, ৫ বছর বিভিন্ন কাজের অভিজ্ঞতা অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা হোক। দাবি যারা ১০ বছরের বেশি কাজ করছেন তাঁদের ৭ হাজার টাকা, যারা ৫ বছরের বেশি কাজ করছেন তাঁদের ৫ হাজার টাকা এবং ৫ বছরের নিচে যারা রয়েছেন তাঁদের ৩ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি করেছেন। এই দাবি পূরণের জন্য তারা জমায়েত করেছে হিডকো ভবনের সামনে। সেই সঙ্গেই কর্মীদের হুঁশিয়ারি যদি আজ তাদের দাবি না মানা হয় পরবর্তী সময়ে তারা বিশ্ব বাংলা সরণির মূল রাস্তা অবরুদ্ধ করা হবে।

হিডকো কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিলেও কোনও কাজ হয়নি বলে দাবি করেছেন এক কর্মী। আবুল হাসান বলেছেন, মুখ্যমন্ত্রী একাধিক সরকারি কর্মীদের মাইনে বৃদ্ধি করলেও HIDCO-এর অধীনে যারা রয়েছেন তাঁদের মাইনে বৃদ্ধি করা হয়নি। মাইনে বৃদ্ধিতে দাবিতে ডেপুটেশনও জমা দেন বিক্ষুব্ধ কর্মীরা। তাঁদের এই দাবি মানা না হলেও পরবর্তী ক্ষেত্রে আরও বড় আন্দোলন করবেন বলেও জানিয়েছেন প্রকাশ্যে। কর্মীরা এরিয়ার টাকা দেওয়ার দাবি জানিয়েছেন।

