নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করায় উত্তাল দেশের রাজনীতি। দিল্লি পুলিশের (Delhi Police) একটি চিঠিতে এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একে ‘সংবিধান-বিরোধী ও অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। এবার এই ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লি পুলিশের (Delhi Police) কড়া সমালোচনা করেছেন তিনি।
আরও পড়ুন: Pahalgam: বিস্ফোরক ‘অপারেশন মহাদেব’, পকেটের চকলেট থেকে ফাঁস হল জঙ্গিদের পাকিস্তানি পরিচয়!
স্ট্যালিনের (MK Stalin) বক্তব্য, “শাহের দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলেছে, যা শুধুই ভুল নয়, এটি সরাসরি বাংলা ভাষা এবং ভারতীয় বৈচিত্র্যের ওপর আঘাত।” তিনি আরও বলেন, “যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, তাকে এইভাবে অপমান করা এক গর্হিত মানসিকতার পরিচয়। এই ধরনের মন্তব্য দেশের সাংস্কৃতিক ঐক্যের বিপরীতে কাজ করে।” স্ট্যালিন (MK Stalin) প্রশংসা করেছেন মমতার প্রতিবাদী ভূমিকাও। তিনি লেখেন, “অহিন্দি ভাষার অসম্মানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন দিদি। তিনি বাংলার গর্ব ও অধিকার রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই আঘাতের যোগ্য জবাব তিনি দেবেন, তা জানি।”
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) একটি অভ্যন্তরীণ চিঠিতে লেখা হয়েছিল, বাংলাদেশি সন্দেহে গ্রেফতার আটজন ব্যক্তির কাছ থেকে পাওয়া নথিপত্র বাংলা ভাষায় লেখা হওয়ায় অনুবাদকের প্রয়োজন। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়। এই অপমানজনক ট্যাগ নিয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের মতে, যে ভাষা দেশের অন্যতম সরকারি ভাষা, যাকে কেন্দ্র সরকার ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দিয়েছে, সেই ভাষাকে এভাবে ভুল তকমা দেওয়ার অর্থ ভারতীয় সংবিধানকেই অসম্মান করা। এই ইস্যুকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন ভাষা-আন্দোলন। ২৭ জুলাই থেকে রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি, যার সূচনা হয় বোলপুরে (Bolpur) মমতার পদযাত্রা দিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
