কালীপুজোয় অভিনব উদ্যোগ, লক্ষাধিক প্রদীপের আলোয় নতুন রূপে সাজবে নিউ টাউন মেলা প্রাঙ্গণ

কলকাতা

নিউজপোল ব্যুরো: কালীপুজো ও দীপাবলির উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে নিউ টাউন সনাতনী দুর্গাপূজা কমিটি। লক্ষাধিক মাটির প্রদীপের আলোয় আলোকিত হতে চলেছে নিউ টাউনের বিখ্যাত মেলা প্রাঙ্গণ। এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ ও কৌতূহল।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব বাংলা গেটের ঠিক পাশে অবস্থিত নিউ টাউন মেলা প্রাঙ্গণে একসঙ্গে জ্বালানো হবে ১ লক্ষ ১১ হাজার ১১১টি মাটির প্রদীপ। বিপুল সংখ্যক প্রদীপের আলোয় গোটা চত্বরকে এক অপরূপ সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

দীপাবলির রাতে প্রদীপের আলোয় তৈরি হবে এক মায়াবী পরিবেশ। আলোর এই বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে মা কালীর আরাধনা এবং উৎসবের নানা আবহ। ফলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আলোর উৎসব, দুইয়ের মেলবন্ধন দেখা যাবে এই অনুষ্ঠানে। নিউ টাউনের বুকে এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে দর্শনার্থীদের ভিড় জমবে বলেই আশা উদ্যোক্তাদের।