নিউজ পোল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ইডি দফতরে হাজির হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু ( Sujit Bose)। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের মুখোমুখি হন তিনি (Sujit Bose)। এর আগে গত ১ মে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে উঠে আসা নতুন তথ্য ও নথির ভিত্তিতেই তাঁকে আবার তলব করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে ফের রদবদল! আরও এক আমলাকে বদলি করা হলো উত্তরবঙ্গে
ইডির অভিযোগ, উত্তর দমদম, দক্ষিণ দমদম, হালিশহর-সহ একাধিক পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তেই সুজিত বসুর (Sujit Bose) ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকার কারণে সেই সময়ের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, এই মামলায় গ্রেফতার হওয়া অয়ন শীল ও অন্যান্য অভিযুক্তদের জেরা এবং উদ্ধার হওয়া নথিপত্রে সুজিত বসুর নাম উঠে এসেছে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান এবং পরবর্তীতে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে হওয়া নিয়োগ নিয়েও প্রশ্ন করা হচ্ছে তাঁকে। উল্লেখ্য, এই একই বিষয়ে এর আগে সিবিআই-ও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। পাশাপাশি তাঁর বাড়িতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েছিল ইডি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কি না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
