নিউজপোল ব্যুরো: নির্বাচনের মুখে আইনি জটিলতায় পড়লেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। নন্দীগ্রামের পুরানো মামলায় তাঁকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। ফলে ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।
পুলিশের দাবি, ২০০৭ সালের নন্দীগ্রাম-পর্বের তিনটি পৃথক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মিলন প্রধান। কমিশনের নির্দেশের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই তিন মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও দেখুন:-পাশের ঘরে ছেলে-বৌমা, নিজের ঘরে মিতালীর রহস্যমৃত্যু! ফুলিয়ায় আতঙ্ক
এর পাশাপাশি খেজুরি থানায় দায়ের হওয়া একটি অস্ত্র আইনের মামলাতেও অভিযুক্ত মিলন প্রধান। এই মামলায় বুধবার তাঁকে হলদিয়া আদালতে সশরীরে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে নয়, সরাসরি আদালতে তাঁকে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়াও ২০০৭ সালের জানুয়ারি মাসের একটি পৃথক মামলায় মিলন প্রধানকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়েছে। পুলিশের দাবি, ওই মামলার চার্জশিটেও তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভোটের আগে পরপর পুরানো মামলায় আইনি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে মামলাগুলির অভিযোগ ও পুলিশের দাবির বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও হয়নি।
