নিউজপোল ব্যুরো: বাংলা সিনেমার আরও এক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। প্রায় এক বছর ধরে চলছিল তাঁর চিকিৎসা ও লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াই থেমে গেল।
একসময় বাংলা ছবির পর্দায় মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল নজরকাড়া। সৌন্দর্য, সাবলীল অভিনয় এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব দিয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় আজও সিনেপ্রেমীদের মনে রয়েছে।
আরও দেখুন:-বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, হাড়োয়ায় ১৯ বছরের বধূকে ঘিরে চাঞ্চল্য
বলিউড অভিনেত্রী রেখার সঙ্গে তাঁর চেহারার মিল নিয়েও একসময় যথেষ্ট চর্চা হয়েছিল। দর্শকদের একাংশ তাঁকে ভালোবেসে ‘কলকাতার রেখা’ বলে ডাকতেন।
তবে জনপ্রিয়তার শিখরে থাকতেই ধীরে ধীরে অভিনয়জগত থেকে নিজেকে সরিয়ে নেন মিঠু। এরপর দীর্ঘদিন তাঁকে জনসমক্ষে প্রায় দেখাই যায়নি। পারিবারিক বন্ধু প্রবীর রায় জানিয়েছেন, প্রায় এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী।
মিঠুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে নেমে এসেছে শোকের আবহ।
