‘গো ব্যাক’ স্লোগানে গেট অবরুদ্ধ, পাল্টা ABVP-র স্লোগান! সায়ন্তন বসুকে ঘিরে ভাঙড় কলেজে তুমুল উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে পরিচালন সমিতির নতুন সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল ক্যাম্পাস! সোমবার কলেজের মূল ফটক অবরুদ্ধ করে সায়ন্তন বসুর প্রবেশের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও আইএসএফ (ISF) সমর্থিত পড়ুয়ারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পাল্টা প্রতিরোধ গড়ে ময়দানে নামে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। দুই শিবিরের আকাশবাতাস কাঁপানো স্লোগান ও পাল্টা স্লোগানে মুহূর্তে থমথমে হয়ে পড়ে সমগ্র ভাঙড় কলেজ চত্বর। উত্তেজনার পারদ এতটাই বেড়ে যায় যে মূল ফটক বন্ধ করে দেওয়ায় বিজেপি নেতাকে দীর্ঘক্ষণ বাইরের রাস্তাতেই আটকে থাকতে হয়।

ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হতেই খবর পৌঁছে যায় স্থানীয় থানায়। পরিস্থিতির গাম্ভীর্য বুঝে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তড়িঘড়ি ভাঙড় থানার আধিকারিকরা এলাকায় এসে পৌঁছান। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, পুলিশি বলপ্রয়োগ করে এবং ব্যারিকেড তৈরি করে ছাত্রছাত্রীদের হটিয়ে দেওয়ার পরই কর্ডন করে সায়ন্তন বসুকে প্রশাসনিক ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারী বাম ও আইএসএফ নেতৃত্বের তোপ, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধিকার ও অরাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই তাঁদের এই প্রতিবাদ ছিল। অন্যদিকে, এবিভিপি-র পাল্টা দাবি, পরিকল্পিতভাবে কলেজের স্বাভাবিক শিক্ষা প্রক্রিয়া ব্যাহত করতেই এই ধরণের বিক্ষোভ দেখানো হয়েছে।

এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভাঙড় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বজায় রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের সংযোগকারী রাস্তাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।