প্রকল্পের টাকা না পেয়ে ক্ষোভ, চাটরায় বিডিও অফিসের সামনে মহিলাদের পথ অবরোধ

breakingnews জেলা

নিউজপোল ব্যুরো: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাটরা বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন আগে প্রকল্পের জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে একবারও টাকা জমা পড়েনি।

বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তাঁরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করেছিলেন। কিন্তু আবেদন করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা না মেলায় সমস্যায় পড়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

আরও দেখুন:-বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, হাড়োয়ায় ১৯ বছরের বধূকে ঘিরে চাঞ্চল্য

এই পরিস্থিতিতে দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চালু করা এবং যাঁরা এখনও সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ দেওয়ার দাবিতে এদিন চাটরা বিডিও অফিসের সামনে জড়ো হন মহিলারা। এরপর রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান করতে হবে।