কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরাসরি চাকরির বড় সুযোগ! বেতন ২ লক্ষেরও বেশি—জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

breakingnews কলকাতা প্রযুক্তি শহর

নিউজপোল ব্যুরো: কলকাতার ঐতিহ্যের অন্যতম পরিচিত ঠিকানা এবার খুলে দিল চাকরির দরজা! ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রয়েছে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সেক্রেটারি এবং কিউরেটর পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। ফলে নির্দিষ্ট যোগ্যতা থাকা চাকরিপ্রার্থীদের কাছে এটি নিঃসন্দেহে বড় সুযোগ।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট একটি শূন্যপদ রয়েছে। সরাসরি নিয়োগের মাধ্যমেই পদটি পূরণ করা হবে। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে ডেপুটেশন বা বদলির মাধ্যমেও নিয়োগের ব্যবস্থা করা হতে পারে। নির্বাচিত ব্যক্তিকে প্রথমে এক বছরের জন্য প্রোবেশনে রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেই সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত করা যেতে পারে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে চাকরির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। তবে নির্ধারিত অবসরের বয়সে পৌঁছে গেলে সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি নিতে হবে। এই পদে নিযুক্ত ব্যক্তির জন্য রয়েছে আকর্ষণীয় বেতনকাঠামো। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক বেতন হবে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত।

যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে একাধিক শর্ত। আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইতিহাস বিষয়ে ফার্স্ট ক্লাস বা সমতুল্য যোগ্যতায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে সেকেন্ড ক্লাসে স্নাতকোত্তরের সঙ্গে পিএইচডি ডিগ্রিও গ্রহণযোগ্য। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও কলেজে শিক্ষকতা করার ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা, অথবা প্রশাসনিক পদে কাজের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। এছাড়াও নির্দিষ্ট পদের জন্য বিজ্ঞপ্তিতে আরও কিছু যোগ্যতার মাপকাঠি উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। প্রার্থীদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র তৈরি করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৬ অক্টোবর। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।