পাশের ঘরে ছেলে-বৌমা, নিজের ঘরে মিতালীর রহস্যমৃত্যু! ফুলিয়ায় আতঙ্ক

breakingnews অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো: নদিয়ার ফুলিয়ায় গভীর রাতে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মিতালী বিশ্বাস। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর, ভুতের মেলার পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে নিজের ঘরেই একা ছিলেন মিতালীদেবী। পাশের ঘরে ছিলেন তাঁর ছেলে ও বৌমা। গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান।

পরিবারের দাবি, মিতালীর মাথা ও মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর বাড়ির টিনের বেড়ার নীচে মাটির অংশে একটি বড় গর্তও নজরে আসে। সেই পথ দিয়েই কেউ ঘরে প্রবেশ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পরিবারের সদস্যদের। তবে কী কারণে এবং কারা ওই বাড়িতে ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বাড়ির সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। মিতালীর সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল কি না, সম্প্রতি কোনও অশান্তি হয়েছিল কি না, সেই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।