নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় দফার ভোটের (Election 2026) আগে দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস অফিসারকে (IPS Ajay Pal Sharma)ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতা এলাকায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের খোঁজ করার অজুহাতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগের মধ্যেই মঙ্গলবার আরও এক নতুন বিতর্ক ছড়ায় একটি ভাইরাল ভিডিওকে (Viral Video) কেন্দ্র করে। তৃণমূলের তরফে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন নর্তকীর সঙ্গে এক যুবক নাচ করছেন। সাদা ট্রাউজার পরা ওই ব্যক্তিকে নিয়েই দাবি উঠেছে যে তিনি নাকি অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই হয়নি। তবুও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া ফান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভালো লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল।’ একইভাবে দলের মুখপাত্র ঋজু দত্তও ভিডিওটি পোস্ট করে দাবি করেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে ওই পুলিশ অফিসার অন্য কাজে ব্যস্ত রয়েছেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, কোনও সোশ্যাল মিডিয়া ‘রিল’ ভিডিওর ভিত্তিতে নির্বাচন কমিশন মন্তব্য করে না। অন্যদিকে বিজেপি মুখপাত্র বিমলশঙ্কর নন্দ বলেন, ব্যক্তিগত অনুষ্ঠানে কে কী করছেন তা দলের জানার বিষয় নয়, এবং এই বিষয়ে মন্তব্য করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ঘটনায় রাজনৈতিক রং আরও গাঢ় হয় যখন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং নারী সুরক্ষা নিয়ে বিজেপির দাবিও প্রশ্নের মুখে পড়েছে।
