নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই ভোট (West Bengal Election 2026)। তার আগেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল রাজারহাট গোপালপুর কেন্দ্রকে ঘিরে। তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির (Aditi Munshi) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন বিজেপি (BJP) প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইহাটি থানায়, যেখানে অদিতি মুন্সির (Aditi Munshi) পাশাপাশি তার স্বামী দেবরাজ চক্রবর্তী-র নামও উল্লেখ করা হয়েছে।
বিজেপি (BJP) প্রার্থীর দাবি, মনোনয়নপত্রে সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ দেননি অদিতি মুন্সি (Aditi Munshi)। তার অভিযোগ অনুযায়ী, অদিতি ও দেবরাজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় একাধিক জমি ক্রয় করেছিলেন, যার সঠিক তথ্য বা লেনদেনের বিবরণ মনোনয়নপত্রে নেই। বিশেষ করে চলতি বছরের ২৫ মার্চ একটি জমি বিক্রির ঘটনা তুলে ধরে তরুণজ্যোতি দাবি করেন, সেই বিক্রির অঙ্কও গোপন রাখা হয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছু লেনদেনে ‘বি সি গ্লোবাল’ নামে একটি সংস্থার নাম সামনে এসেছে। এত বড় অঙ্কের সম্পত্তি বিক্রির পর সেই অর্থ কোথায় গেল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায়, ‘এটি শুধুই রাজনৈতিক ইস্যু নয়, একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব এই তথ্য প্রশাসনের নজরে আনা।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তরুণজ্যোতি তিওয়ারি আরও জানান, বিষয়টি শুধু পুলিশের কাছেই নয়, প্রয়োজনে আয়কর দফতর, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন সিবিআই (CBI) বা ইডির (ED) কাছেও জানানো হতে পারে। তার অভিযোগ, অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তার স্বামীর যৌথ মালিকানায় থাকা একাধিক সম্পত্তির উল্লেখ মনোনয়নপত্রে করা হয়নি, যা আইনগতভাবে গুরুতর বিষয়। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অদিতি মুন্সির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ভোটের ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় এবং ভোটের ফলাফলে এর কোনও প্রভাব পড়ে কি না।
