Yubasathi : যুবসাথীতে রেকর্ড সাড়া! ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, সময়সীমা বাড়তে পারে

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের যুবসমাজের জন্য চালু হওয়া যুবসাথী (Yubasathi Scheme) প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। আবেদন শুরুর মাত্র ন’দিনের মধ্যেই প্রায় ৭৭ লক্ষ যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এই রাজ্য সরকারি প্রকল্প (West Bengal Government Scheme)-এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার ছিল শেষ দিন। তবে আবেদনকারীর বিপুল ভিড়ের কারণে সময়সীমা বাড়ানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। চলতি বছরের বাজেটে ঘোষিত এই আর্থিক সহায়তা প্রকল্প (Financial Assistance Scheme) প্রথম দিন থেকেই যুবসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে (Yubasathi Scheme)।

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া, হালকা শীতের আমেজ বজায়; বৃষ্টির পূর্বাভাস নেই

সরকারি তথ্য অনুযায়ী, যুবসাথী প্রকল্পের (Yubasathi Scheme) আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারছেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অনলাইন আবেদন (Online Application) ছাড়াও রাজ্যজুড়ে আয়োজিত শিবিরে সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে প্রায় ৭৬ লক্ষ ৭৭ হাজার। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। এরপর রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া। প্রশাসনের মতে, তরুণ প্রজন্মকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে উল্লেখযোগ্য সাড়া মিলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে রাজ্যজুড়ে অনুষ্ঠিত স্বনির্ভর বাংলা শিবির (Swanirbhar Bangla Camp)-এও বিপুল ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme)-এ নতুন করে আবেদন করছেন বহু মহিলা। সম্প্রতি এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে মাসে ১৫০০ টাকা হওয়ায় বছরে ১৮ হাজার টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে আগে আবেদন না করা অনেকেই এবার নতুন করে ফর্ম জমা দিচ্ছেন। পাশাপাশি ভূমিহীন কৃষকরাও বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করছেন। গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। প্রথমে জানানো হয়েছিল ১৫ আগস্ট থেকে প্রকল্প চালু হবে। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে। সেই অনুযায়ী ১৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।