Narendra Modi: ইনস্টাগ্রামেও ‘মোদী জমানা’! ১০ কোটি ফলোয়ার ছাড়িয়ে অনন্য নজির প্রধানমন্ত্রীর

দেশ

নিউজ পোল ব্যুরো: আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি), ডিজিটাল দুনিয়ায় আরও এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইন্সটাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা পৌঁছেছে ১০ কোটিতে। এই কৃতিত্বের মাধ্যমে তিনি বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ার্সের রেকর্ড গড়লেন। রাজনৈতিক নেতাদের মধ্যে এমন নজির আর কারও নেই।

আরও পড়ুন: America: কিউবার জলসীমান্তে অনধিকার অনুপ্রবেশ, গুলির লড়াইয়ে ৪ মৃত

২০১৪ সালে ইন্সটাগ্রামে যোগ দেওয়ার পর গত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) অ্যাকাউন্ট বিশ্ব রাজনীতির অন্যতম সক্রিয় ও প্রভাবশালী ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সরকারি কর্মসূচি থেকে ব্যক্তিগত মুহূর্ত—সব মিলিয়ে তাঁর পোস্টে বিপুল জনসম্পৃক্ততা লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্যভাবে, ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রায় দ্বিগুণ।

বিশ্বনেতাদের মধ্যে ইন্সটাগ্রাম ফলোয়ার্সের তালিকায় শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দ্বিতীয় স্থানে ডোনাল্ড ট্রাম্প, যার অনুসারী সংখ্যা ৪৩.২ মিলিয়ন। তৃতীয় স্থানে আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো (১৫ মিলিয়ন)। এরপর রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (১৪.৪ মিলিয়ন) এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এরদোগান (১১.৬ মিলিয়ন)। ষষ্ঠ স্থানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, যার ফলোয়ার্স ৬.৪ মিলিয়ন।

দেশের অন্দরেও মোদীর জনপ্রিয়তা স্পষ্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর (Yogi Adityanath) ফলোয়ার্স ১৬.১ মিলিয়ন, আর কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-এর ১২.৬ মিলিয়ন। সব দিক মিলিয়ে ডিজিটাল জনসংযোগে প্রধানমন্ত্রী মোদী যে অনেকটাই এগিয়ে, তা এই রেকর্ডই প্রমাণ করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole