America: কিউবার জলসীমান্তে অনধিকার অনুপ্রবেশ, গুলির লড়াইয়ে ৪ মৃত

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কিউবার ভিলা ক্লারা প্রদেশে জলসীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এল পিনো চ্যানেলের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ফ্লোরিডা থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটকে। কিউবার সীমান্তরক্ষীরা নৌকাটিকে থামিয়ে পরিচয় ও উদ্দেশ্য জানতে চাইলে আচমকাই বোটের আরোহীরা গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন: Kolkata Metro: কারেন্ট গেলেও থামবে না ট্রেন, ব্লু লাইনে ব্যাটারির জোরে ছুটবে মেট্রো

হঠাৎ আক্রমণের মুখে পড়ে কিউবার নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে স্পিডবোটে থাকা চারজন নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন কিউবার এক কমান্ডার-সহ একাধিক ব্যক্তি। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিউবা থেকে আত্মীয়দের নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই ওই অভিযানের চেষ্টা করা হয়েছিল। তিনি আরও স্পষ্ট করে দেন, এই ঘটনায় মার্কিন নৌবাহিনী বা কোস্ট গার্ডের কোনও জাহাজ জড়িত ছিল না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে কিউবার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে। জলসীমান্তে অনুপ্রবেশ বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছে প্রশাসন। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।