নিউজ পোল ব্যুরো: বিদ্যুৎ বিভ্রাট হলেও আর টানেলের অন্ধকারে মেট্রো আটকে পড়ে যাত্রীদের দমবন্ধ পরিস্থিতির মুখে পড়তে হবে না। কলকাতা মেট্রোর ব্লু লাইনে চালু হল অত্যাধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS)। এই ব্যবস্থার ফলে হঠাৎ গ্রিডে সমস্যা বা মূল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও ট্রেন পরিষেবা পুরোপুরি থমকে যাবে না। ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে টানেলে আটকে পড়া ট্রেনকে পরবর্তী স্টেশন পর্যন্ত ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার গতিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। পাশাপাশি টানেলের ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সচল রাখা যাবে, যা যাত্রী সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: OTT Platforms:ওয়েব সিরিজে বেলাগাম যৌন দৃশ্য! পাঁচ প্ল্যাটফর্মের উপর কড়া পদক্ষেপ কেন্দ্রের
বুধবার সেন্ট্রাল মেট্রো স্টেশনে এই আধুনিক ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রোর জেনারেল ম্যানেজার এস. এস. মিশ্র সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ডেল্টা ইলেকট্রনিক্স ইন্ডিয়া সংস্থা এই প্রকল্পের রূপায়ণ করেছে। সংস্থার প্রতিনিধি নীরাঞ্জন নায়েক জানান, ৪ মেগাওয়াট ক্ষমতার এই সিস্টেমে ৬.৪ মেগাওয়াট-আওয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মেট্রো সূত্রে দাবি, এই ব্যাটারির আয়ু প্রায় ১৪ বছর এবং এটি পরিবেশবান্ধব। আগের ডিজেল জেনারেটর নির্ভর ব্যবস্থার তুলনায় এতে দূষণ কম হবে এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয় হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বর্তমানে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত এই ব্যাকআপ পরিষেবা চালু হয়েছে। উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে নতুন রুট চালুর পর থেকেই ব্লু লাইনে পরিষেবা নিয়ে যাত্রীদের অসন্তোষ বাড়ছে। ট্রেন দেরিতে আসা, দরজা ঠিকমতো বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে অযথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা—এমন নানা সমস্যায় নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অনেকের অভিযোগ, নয়া রুট চালুর পর ব্লু লাইন যেন অবহেলিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নতুন ব্যাটারি ব্যাকআপ ব্যবস্থা কতটা পরিষেবার মানোন্নয়ন ঘটাতে পারে, এখন সেটাই দেখার। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী, এই উদ্যোগে যাত্রী নিরাপত্তা ও পরিষেবার নির্ভরযোগ্যতা দুটোই বাড়বে।
