নিউজপোল ব্যুরো: নিয়োগ দুর্নীতির পর এবার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তালিকায় রয়েছে তোলাবাজি, শ্লীলতাহানি এবং খুনের হুমকির মতো অভিযোগ।
কিন্তু কেন দীর্ঘ ৬ বছর পর হঠাৎ করে এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে থানার দোরগোড়ায় পৌঁছালেন এক নির্যাতিতা মহিলা? সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে, যখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রীদের একজন। অভিযোগকারিণীর দাবি, সেই সময়ে পার্থ চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর ঘনশ্রী বাগের দাপট ও আতঙ্কে তিনি মুখ খোলার সাহস পাননি। এরপর ২০২২ সালে ইডি-সিবিআইয়ের হাতে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ গ্রেফতার হলেও এলাকার তৃণমূল নেতাদের ভয়ে এতদিন তিনি থানায় যেতে পারেননি। জানা গিয়েছে, অভিযোগের ঘটনা ২০২০ সালের। অভিযোগকারীর দাবি, বিভিন্ন কারণে এতদিন তিনি থানায় যেতে পারেননি। পরে পরিস্থিতি বদলানোর পর তিনি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে। যেহেতু ঘটনাটি পুরনো, তাই সেই সময়কার আইনের ধারাতেই মামলা নথিভুক্ত হয়েছে।
নিয়োগ দুর্নীতির কালো টাকা হজম করার পর এবার কি তবে সরাসরি শ্লীলতাহানি ও তোলাবাজির মামলায় চিরতরে জেলের অন্ধ কুঠুরিতে পচতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? পুলিশের স্ক্যানারে থাকা প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ ও তাঁর দলবলকে কি যেকোনো মুহূর্তে গ্রেফতার করতে চলেছে লালবাজার? তৎকালীন সময় সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
