আগামী ২৪ ঘণ্টায় বদলাবে আবহাওয়া,কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, আর উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি

আবহাওয়া কলকাতা জেলা শহর

নিউজপোল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস সামনে আসতেই চিন্তা বেড়েছে বাংলার বহু জেলার মানুষের। কোথাও বজ্রপাত, কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ফলে আগামী ২৪ ঘণ্টা খুবই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় আজ সারাদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিও অনুভূত হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সব জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগ উত্তরবঙ্গকে ঘিরে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। এই তিন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস, নদীর জল বেড়ে যাওয়া এবং নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।আবহাওয়া দফতরের পরামর্শ, ঝড়-বৃষ্টির সময় অকারণে বাইরে না বেরোনোই ভালো। বজ্রপাতের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও অনুরোধ করা হয়েছে।