নিউজ পোল ব্যুরো: একদিকে দেশজুড়ে পথকুকুরের (Stray Dogs) আক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্ট আশ্রয়কেন্দ্রে সরানোর নির্দেশ দিচ্ছে, ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য নজির গড়ে উঠল নদিয়ার নবদ্বীপে (Nadia News)। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত রেল কলোনি এলাকায় গভীর রাতে রাস্তায় পড়ে থাকা এক সদ্যোজাত শিশুকে আগলে রাখল কয়েকটি পথকুকুর (Stray Dogs)। মানুষের নিষ্ঠুরতার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে শিশুটির রক্ষাকর্তা হয়ে উঠল তারা—এমনই দৃশ্যের সাক্ষী রইল গোটা এলাকা।
আরও পড়ুন : Gold Price Today : বিয়ের মরশুমে স্বস্তি! কলকাতায় ফের কমল সোনার দাম, জানুন আজকের রেট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের বাড়ির পাশের শৌচাগারের সামনে শিশুটিকে ফেলে রেখে যায় কে বা কারা। শীতের অন্ধকার রাতে সদ্যোজাতকে একেবারে অসহায় অবস্থায় রেখে দেওয়া হয়। মধ্যরাতে এলাকার কয়েকজন বাসিন্দা কান্নার ক্ষীণ আওয়াজ শুনলেও প্রথমে তারা বুঝতে পারেননি সেটি মানুষের শিশুর কান্না, কারণ ওই এলাকায় শেয়ালের উৎপাত দীর্ঘদিন ধরেই রয়েছে। অনেকেই ভেবেছিলেন, হয়তো শেয়ালের ডাকই ভেসে আসছে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। সেই শেয়ালের হাত থেকেই শিশুটিকে রক্ষা করল পথকুকুরের একটি দল (Stray Dogs)। স্থানীয়দের দাবি, গোটা রাত ধরে কুকুরগুলি শিশুটির চারপাশে ঘিরে পাহারা দেয় (Stray Dogs), যাতে কোনও হিংস্র জন্তু তার কাছে পৌঁছাতে না পারে। ভোরের আলো ফোটার পর কান্নার শব্দ স্পষ্ট হলে এলাকার মানুষজন এসে শিশুটিকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সকালেই সদ্যোজাতকে নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। প্রশাসনিক নিয়ম মেনে খুব শীঘ্রই তাকে চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—এই নিষ্পাপ শিশুটিকে কে বা কারা এমন নির্দয়ভাবে ফেলে রেখে গেল? সেই রহস্যের পর্দা ফাঁস করতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। একদিকে মানুষের অমানবিকতা, অন্যদিকে পথকুকুরের মানবিকতার এই বিপরীত ছবি নাড়িয়ে দিয়েছে সমাজকে (Stray Dogs)।
