নিউজ পোল ব্যুরো: বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র প্রয়াণের পর থেকে শোকের ছায়া ঘনিয়েছে দেওল পরিবারে। গত মঙ্গলবার তিনি হরিদ্বারে অস্থি বিসর্জন দিতে পৌঁছন সানি দেওল ও ববি দেওল। তবে সেখানে গিয়ে দেখা যায়—বাবার অস্থি বিসর্জনের দায়িত্ব নিজের হাতে নেননি দুই অভিনেতা। এই প্রশ্নেই সরগরম হয় নেটদুনিয়া। পরে ঘাটে উপস্থিত পুরোহিত ব্যাখ্যা দেন কারণের।
আরও পড়ুন:
হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে ধর্মীয় আচার সম্পন্ন করার আগে এক দিন হোটেলে ছিলেন সানি ও ববি। পরের দিন সকালে হিন্দু রীতি মেনে অস্থি বিসর্জন ও পিণ্ডদান সম্পন্ন হয়। কিন্তু বিসর্জন করেন অভিনেতার বড় নাতি কর্ণ দেওল। পুরোহিত জানান, ‘‘সানি ও ববির কিছু শারীরিক ও ব্যক্তিগত অসুবিধা থাকায় অস্থি বিসর্জন করেন কর্ণ। তবে পিণ্ডদানের সময় গোটা পরিবারই উপস্থিত ছিল।’’ এর ফলে ধর্মেন্দ্র (Dharmendra)-র প্রতি সম্মান জানানোয় কোনও ঘাটতি হয়নি বলেই মত তাঁর।
এই গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না হেমা মালিনী ও তাঁর দুই মেয়ে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, তাঁদের ব্যক্তিগত কারণে অনুষ্ঠানটিতে যোগ দেওয়া সম্ভব হয়নি। তবে বাবা ধর্মেন্দ্র (Dharmendra)-র প্রতি শ্রদ্ধা জানাতে পরবর্তী দিনগুলিতে তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হবেন।
অস্থি বিসর্জন শেষে ফেরার সময় মানসিকভাবে ভেঙে পড়েন ববি। অন্যদিকে, পরিবারের গোপনীয়তা রক্ষার তাগিদে বারবার ছবি তোলায় আপত্তি জানান সানি, যার জেরে ছবিশিকারিদের সঙ্গে তাঁর বচসা হয়। তবু শোকের আবহের মাঝেই তাঁরা সযত্নে পালন করেছেন ধর্মীয় আচার।
এদিকে সামনে আসছে একটি বিশেষ দিন—আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র (Dharmendra)-র জন্মদিন। ৯০তম জন্মদিন হলেও এবারও পালন করা হবে এই দিনটি। পরিবারের পক্ষ থেকে অভিনেতার অনুরাগীদের আহ্বান জানানো হয়েছে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে। আয়োজন হবে ধর্মেন্দ্র (Dharmendra)-র প্রিয় খামারবাড়িতে, যেখানে সাধারণ মানুষের জন্য থাকবে উন্মুক্ত প্রবেশ।
শোকের মধ্যেও এই দিনটিকে স্মরণ এবং শ্রদ্ধার সঙ্গে উদ্যাপন করাই এখন পরিবারের মূল লক্ষ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
