নিউজ পোল ব্যুরো: ন’বছর আগে শ্যুটিং শেষ হওয়া ‘ধূমকেতু’ ছবিটি অবশেষে মুক্তির মুখে। আর মুক্তির আগেই বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে যেন নতুন করে জেগে উঠেছে দেব-শুভশ্রী জুটি নিয়ে উন্মাদনা। বাস্তবে তাঁদের সম্পর্কের টানাপোড়েন যতই আলোচনার বিষয় হোক না কেন, পর্দায় তাঁদের রসায়ন আজও অটুট বলেই মনে করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
আরও পড়ুন: Tathagata Mukherjee: বর্ষার জঙ্গলে প্রেমের পরত: কাজিরাঙায় তথাগত-আলোকবর্ষা
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে মুখ খোলেন কৌশিক (Kaushik Ganguly)। বলেন, “দেব-শুভশ্রীর অনুরাগীদের উন্মাদনা নিয়ে অনেক শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার অভিজ্ঞতা এই প্রথম। ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে সেই উন্মাদনার অংশ হতে পেরে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে।”
দর্শকের কৌতূহলের কেন্দ্রে থাকা প্রশ্ন— কেন এই দুই তারকাকে বেছে নিয়েছিলেন কৌশিক? তার জবাবে তিনি স্পষ্ট বলেন, “ওঁদের তারকা খ্যাতির জন্য নয়, ছবির চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনেই নিয়েছিলাম। আমার কাছে দেব-শুভশ্রী কোনও তারকা নয়, তাঁরা আমার ছবির অভিনেতা। যেমন আমার অন্য ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।”
তিনি আরও বলেন, “তাঁরা চরম পেশাদার। ব্যক্তিগত অনুভূতিকে দূরে সরিয়ে রেখে ক্যামেরার সামনে একশো শতাংশ মনোযোগ দিয়েছেন। চিত্রনাট্যের দাবি অনুযায়ী প্রেম, আবেগ সব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।”
ছবির শ্যুটিংয়ের সময়কার অভিজ্ঞতা ভাগ করে নেন কৌশিক। জানান, নৈনিতালে বরফের মধ্যে শ্যুটিং চলাকালীন দেব নিজে হাতে বেলচা দিয়ে বরফ সরিয়েছেন। আবার রোমান্টিক দৃশ্যে দুই অভিনেতা কোনও অস্বস্তি না রেখেই চিত্রনাট্য অনুযায়ী নিখুঁতভাবে অভিনয় করেছেন, যদিও তখন তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটে গিয়েছে।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে কৌশিকের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। বলেন, “কারও ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনও আগ্রহ নেই। এখনকার ট্রেন্ড হল, তারকাদের ব্যক্তিগত জীবন— বিয়ে, বিচ্ছেদ এসব নিয়েই মিডিয়া মাতিয়ে রাখে। আমি এসবের মধ্যে নেই। আমি জানতে চাই, শুভশ্রী কীভাবে নিজের সন্তানদের বড় করছেন, কিংবা প্রযোজক দেব ভবিষ্যতে কী ধরনের ছবি নিয়ে আসছেন।”
এই প্রসঙ্গে কৌশিকের সংযোজন, “আমার কাছে অভিনেতাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত। নিজের জীবনেও কাউকে ঢুকতে দিই না।”
শেষে কৌশিক বলেন, “ওঁদের মধ্যে এতটা পেশাদারিত্ব যে, ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় তাঁরা যেন সব ভুলে যেতেন। তাঁদের প্রেম যেন সত্যি, যেন কখনও ফুরোবার নয়। এই জুটি পর্দায় সব সময় ম্যাজিক তৈরি করে, সেটা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে।”
দেব-শুভশ্রীর জুটি আবারও বড় পর্দায় ফিরছে— আর এটাই হয়তো বাংলা ছবির দর্শকদের কাছে এক আবেগের মুহূর্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
