SIR: নিরুদ্দেশ ছেলের সন্ধান মিলল ভোটার তালিকায়! ২৬ বছর পর বাড়িতে ফিরল তরুণ

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভাঙড় ও তেহট্টের ঘটনার পর এবার হাবড়ায় ঘটল অবিশ্বাস্য পুনর্মিলন। সদ্য শুরু হওয়া এসআইআর ঘিরে যখন রাজ্য জুড়ে নানা অনিয়মের অভিযোগ উঠে আসছে কোথাও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা, কোথাও জীবিত ভোটারের নাম ‘মৃত’ বলে বাদ যাওয়ার ঘটনা ঠিক তখনই হাবড়ায় সামনে এল এক মানবিক গল্প, যা সকলকে আবেগাপ্লুত করেছে।

আরও পড়ুন: Kangana Ranawat: রাজনৈতিক যুদ্ধ ভুলে মঞ্চে ‘বন্ধুত্ব’? ভাইরাল মহুয়া-কঙ্গনার নাচের মুহূর্ত

উত্তর ২৪ পরগনার হাবড়ার বৃদ্ধ দম্পতি প্রশান্ত দত্ত ও সান্ত্বনা দত্তের জীবনে এই এসআইআর যেন আশীর্বাদ হয়ে এল। তাঁদের একমাত্র ছেলে তরুণ দত্ত ২৬ বছর আগে আচমকাই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যান। ধান কেনাবেচার ব্যবসায় বড়সড় লোকসান এবং দেনার চাপে পড়ে অপমানের ভয়ে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বারবার খোঁজাখুঁজি, নিখোঁজ ডায়েরি— কোনও কিছুতেই সফল হননি অসহায় বাবা–মা। দিন কেটে যায়, বছর বদলায়, কিন্তু ছেলের খোঁজ আর মেলেনি। সম্প্রতি এসআইআর পর্ব শুরু হলে প্রশান্তবাবু নিজের, স্ত্রীর ও ছেলের এনুমারেশন ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর হাতে জমা দেন। গত মাসের ২৯ তারিখ, হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর ফর্মগুলির তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করতে গিয়ে দেখেন— তরুণের নাম ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের এক এলাকায় ম্যাপিং হয়ে আছে। সন্দেহ হওয়ায় তপনবাবু ওই এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। জানা যায়, তরুণ সেখানে বিয়ে করে থাকেন এবং তার কলেজপড়ুয়া ছেলেও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এরপরই শুরু হয় যোগাযোগের সেতুবন্ধন। তরুণের ছেলে দাদু প্রশান্ত দত্তের ফোন নম্বর সংগ্রহ করে প্রথমবার ফোন করেন। এতদিন পর ছেলের খোঁজ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দম্পতি। তরুণও আবেগ সামলাতে পারেননি। কথোপকথনে দুই পরিবারের মন খুলে যায়। প্রশান্তবাবু জানান, ছেলের সব পুরনো দেনা মিটিয়ে দেওয়া হয়েছে এখন শুধু চাই ছেলে বাড়ি ফিরে আসুক। দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার শেষে এই অপ্রত্যাশিত পুনর্মিলনের পেছনে যে এসআইআরই অন্যতম সূত্র, তা অকপটে স্বীকার করেন বৃদ্ধ দম্পতি। তাঁদের কথায়, “এসআইআর না হলে শেষ বয়সেও ছেলেকে ফিরে পাওয়া হত না। এখন মরেও আর আক্ষেপ থাকবে না।”