SIR in West Bengal: খসড়া ভোটার তালিকা প্রকাশ,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখে জানা যাবে বাদ পড়া নামের তথ্য

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সকালেই পশ্চিমবঙ্গে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ার আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এই খসড়া ভোটার তালিকা সাধারণ মানুষ অনলাইনে খুব সহজেই দেখতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে প্রথমে দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কাদের নাম রয়েছে খসড়া তালিকায়, দেখা যাচ্ছে তাও।

আরও পড়ুন:Weather Update : পৌষের শুরুতেই উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে থমকেছে পারদ পতন

নির্বাচন কমিশন সূত্রে খবর, মূলত যারা নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ করেছেন, তাদের নামই খসড়া তালিকায় রাখা হয়েছে। তবে যারা ফর্ম ফিল আপ করেননি, তাদের নামও বুথভিত্তিক তালিকা আকারে আলাদা করে প্রকাশ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ভোটাররা নিজের নামের অবস্থান সহজে যাচাই করতে পারেন। পাশাপাশি মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের নামও পৃথকভাবে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে।নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এই প্রক্রিয়ায় রাজ্যে প্রায় ৫৮ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে সাত কোটি আট লক্ষ ষোল হাজার ছয়শো একত্রিশ। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যের একাধিক ‘হেভিওয়েট’ বা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে। কোন কেন্দ্রে কতজন ভোটার তালিকা থেকে বাদ যেতে পারেন, সেই সংক্রান্ত তথ্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয়। ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও অভিযোগ, আপত্তি বা সংশোধনের আবেদন জানানো যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও ভেরিফিকেশন প্রক্রিয়া। সমস্ত অভিযোগ নিষ্পত্তির পর আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তরফে ভোটারদের অনুরোধ করা হয়েছে, সবাই যেন নিজের নাম যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জানান।