নিউজ পোল ব্যুরো: আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আনন্দপুরের (Kolkata) গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০টার দিকে কলোনির (Kolkata) একটি রঙের গুদামে আগুন লাগে। গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। লেলিহান শিখায় পুরো গুদাম ঢেকে যায় এবং কালো ধোঁয়ায় এলাকা ঢাকা পড়ে। পাশের নির্মীয়মাণ আবাসনের দেওয়ালও আগুনে কালো হয়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। গুদামের উপরেই রয়েছে আবাসন, তাই বাসিন্দাদের সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরানো হয়।
প্রাথমিকভাবে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়রাও বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দমকল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আরও ছয়টি ইঞ্জিন এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান। পরবর্তীতে নিশ্চিত করা হয়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতি বিপুল। আগুনে গুদামের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। কিন্তু সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গুলশন কলোনিতে (Kolkata) এর আগেও একাধিকবার বড় অগ্নিকাণ্ড ঘটেছে। গত আগস্ট মাসে একটি কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘিঞ্জি এলাকা এবং সংকীর্ণ রাস্তার কারণে দমকলকে দ্রুত পৌঁছতে সমস্যা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। এদিনও সেই একই সমস্যা দেখা দেয়, তবে দমকল ও স্থানীয়দের দ্রুত ও যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গুলশন কলোনি অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানো সবসময়ই চ্যালেঞ্জের মুখে থাকে। প্রশাসনকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা। দমকলও জানাচ্ছে, ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি এড়াতে আরও সতর্কভাবে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
