নিউজ পোল ব্যুরো:পূর্ব বর্ধমানের আলু (Potato farmer suicide West Bengal) বলয়ে সংকটের কালো মেঘ যেন কাটতেই চাইছে না। ফসল উপচে পড়লেও উপযুক্ত দাম না পাওয়ায় এবং ঋণের বোঝা সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মঘাতী হলেন এক তরতাজা যুবক। শনিবার গলসি-১ ব্লকের রামনগরের কৃষক বুলবুল মণ্ডলের (৩২) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের ও ভাগে নেওয়া মোট পাঁচ বিঘা জমিতে আলু চাষের জন্য চড়া সুদে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমান বাজারে আলুর দাম তলানিতে এসে ঠেকায় সেই টাকা কীভাবে শোধ করবেন এবং আসন্ন বোনের বিয়ের খরচই বা কীভাবে জোগাবেন, সেই চিন্তায় চরম মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/15/firhad-hakim-prediction-bengal-assembly-election-bjp-20-seats/
এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গলসি-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল পরিবারের এই দাবি অস্বীকার করে ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বা অন্য কোনো সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, রাজ্য সরকারের চরম উদাসীনতাকে দায়ী করে সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, সরকার নামমাত্র আলু কেনার কথা বললেও আদতে চাষিরা বাজারে ন্যায্য ক্রেতা পাচ্ছেন না। সাড়ে ৯ টাকা কেজি দরে সামান্য কিছু আলু কিনে কৃষকদের এই গভীর সংকট মেটানো কোনোভাবেই সম্ভব নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে জেলায় আলুর (Potato farmer suicide West Bengal) বিপুল ফলন হলেও চাহিদাহীনতার কারণে মাঠেই পড়ে রয়েছে বস্তা বস্তা আলু। গত শুক্রবারও মেমারিতে কিষানমান্ডির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ক্ষুব্ধ চাষিরা। সরকারি সহায়তায় আলু কেনার প্রক্রিয়া শুরু হলেও বুলবুলের মতো প্রান্তিক কৃষকের এই অকাল মৃত্যু প্রমাণ করে দিচ্ছে যে, বর্ধমানের কৃষি সংকট বর্তমানে কতটা গভীর।
