নিউজ পোল ব্যুরো: বাংলার ভোট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সাম্প্রতিক ঘোষণা। সোমবার কমিশন জানায়, রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। এই ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, তাদের দল সবসময় নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে। তবে সেই প্রক্রিয়ায় যদি কোনও বৈধ নাগরিক বা ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে আইনগত পথে প্রতিবাদের ডাক দেবে তৃণমূল। কুণাল (Kunal Ghosh) স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, “একজন বৈধ ভোটার বাদ গেলেও এক লক্ষ কর্মীকে সঙ্গে নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে।”
কুণালের (Kunal Ghosh) বক্তব্যে প্রতিফলিত হয় দলের অবস্থান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, কিন্তু কোনও বৈধ নাগরিককে হয়রানি বা বঞ্চিত করা চলবে না। তার দাবি, ভোটার তালিকায় অন্য রাজ্যের নাম কপি-পেস্ট করে বসানোর মতো ঘটনা আগেও ঘটেছিল, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। এবারও দল একই অবস্থানে অটল।
রাজ্যের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কুণাল বলেন, “আমরা জানি বিজেপি বিভ্রান্তি ছড়াতে পারে, কিন্তু কোনও প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কোনও হিংসাত্মক আন্দোলনের পথ নেবে না। সাংবিধানিকভাবে, আইনি উপায়ে প্রতিটি বৈধ নাগরিকের অধিকার রক্ষা করবে তৃণমূল কংগ্রেস।”
বিশেষভাবে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে কুণালের বার্তা, “বিজেপি আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু সত্যিটা স্পষ্ট তৃণমূল আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।” তৃণমূল মুখপাত্র আরও বলেন, “এসআইআর সম্পূর্ণ হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন— অন্তত ২৫০ আসনে জয়ের ভিত্তিতে। আমাদের বুথ সংগঠন প্রস্তুত। বিজেপি ফলাফলের দিন বুঝবে, তৃণমূলের সাংগঠনিক শক্তি কী।”
একইসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে কুণালের পরামর্শ, “আপনারা নিরপেক্ষ থাকুন, রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হবেন না। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে, সাংবিধানিক পথে তার প্রতিবাদ হবে।” অন্যদিকে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “তৃণমূল এখন পাল্টি খেল। গতকাল পর্যন্ত বলছিল এসআইআর করতে দেবে না, আজ আবার বলছে আইন মেনে অংশ নেবে। আসলে ভয় পাচ্ছে অবৈধ ভোটারদের বাদ পড়লে ওদের গণিত গুলিয়ে যাবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
