নিউজ পোল ব্যুরো: ২৩ বছর পর ফের বাংলায় শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর (SIR) প্রক্রিয়া, এবং তা চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম পূরণ হবে, ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, এরপর ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযোগ ও শুনানি পর্ব। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী ৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: Kunal Ghosh: বৈধ ভোটার বাদ পড়লে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লি অভিযান, কড়া বার্তা কুণাল ঘোষের
কমিশনের (Election Commission) ঘোষণায় বলা হয়েছে, দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে এসআইআর (SIR) চালু হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, কেরল, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান-নিকোবর, লাক্ষাদ্বীপ। এই সব রাজ্যের বেশ কয়েকটিতেই আগামী বছর বিধানসভা নির্বাচন নির্ধারিত, ফলে কমিশনের কাছে এই সমীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ।
বাংলাকে ঘিরে কোনও মতবিরোধ রয়েছে কি না, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “বাংলা নিয়ে কোনও সমস্যা নেই। সংবিধানের প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। যেমনভাবে নির্বাচন কমিশন তার কাজ করছে, ঠিক তেমনই রাজ্য সরকারকেও তার দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এসআইআর চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক সহায়তায় রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণার প্রভাব গভীর। তৃণমূল কংগ্রেস (TMC) বরাবরই অভিযোগ করে এসেছে, বিজেপি এই এসআইআর প্রক্রিয়াকে “ঢাল” হিসেবে ব্যবহার করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রী **মমতা বন্দ্যোপাধ্যায়** আগেই স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, “একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লেও প্রতিবাদ হবে, এবং সেই প্রতিবাদ পৌঁছবে দিল্লি পর্যন্ত।”
অন্যদিকে বিজেপির (BJP) দাবি, এসআইআরের মাধ্যমেই প্রকাশ পাবে প্রকৃত ভোটার তালিকা, যেখানে “বাংলাদেশি অনুপ্রবেশকারী”দের নাম বাদ যাবে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, “এসআইআর-এর মাধ্যমে ভুয়ো ভোটারদের ছেঁটে ফেলা হবে এই প্রক্রিয়া বাংলার গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”অর্থাৎ, দুই মেরুর রাজনীতি ঘিরেই এবার শুরু হচ্ছে বাংলার ভোটার তালিকা সংশোধনের লড়াই। ২৩ বছর পর ফের এই বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা নিঃসন্দেহে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
