৪ দিনেই বারুইপুরে মুখ্যমন্ত্রী! নিহত ইন্দ্রজিতের দাদাকে চাকরি ও পরিবারকে ২৫ লক্ষের চেক দিলেন শুভেন্দু!

breakingnews আইন প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বারুইপুরের নৃশংস ঘটনা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। তবে অপরাধীদের আর রেহাই নেই! সরকার গঠন করেই কথা দিয়েছিলেন, আর সেই কথা রাখতেই মাত্র ৪ দিনের মধ্যে ফের বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দিলেন, “রাজ্যে এবার থেকে সাধারণ মানুষ নয়, ভয়ে কাঁপবে কেবল অপরাধীরা।” ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করে দেন, মহিলাদের ওপর হওয়া যেকোনো অপরাধকে আর ‘ছোট ঘটনা’ বা ‘লাভ অ্যাফেয়ার্স’ বলে লঘু করার দিন শেষ। এখন থেকে প্রতিটি অভিযোগের ভিত্তিতে হবে কড়া তদন্ত।

বারুইপুরে পৌঁছে মুখ্যমন্ত্রী শুধু কড়া বার্তাই দিলেন না, বরং নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। নিহত ইন্দ্রজিতের বাবার হাতে তিনি তুলে দেন ২৫ লক্ষ টাকার কড়কড়ে চেক। শুধু তাই নয়, ইন্দ্রজিতের দাদাকে দিলেন সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বড় সাহায্য পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারটি। ইন্দ্রজিতের দাদা জানান, “মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। চাকরি আর আর্থিক সাহায্যের পাশাপাশি প্রয়োজনে পাকা ঘর করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন।”

এলাকায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে দুটি পরিবারের বাড়ির সামনেই ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘটনার পর থেকে আতঙ্কে যে সমস্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছিলেন, তাঁদের ভয় কাটাতে এলাকায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। সাধারণ মানুষকে নির্ভয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, গোটা বারুইপুর জুড়ে পুলিশি নজরদারি আরও বাড়ানো হচ্ছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।