Mamata Banerjee: ‘‌দুটি ঘর সহ ১০ লক্ষ টাকা দেওয়া হবে’‌, ভোটমঞ্চ থেকে বড় বার্তা মমতার, অফিসারদের উদ্দেশ্যে কি বললেন?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। যদিও বিরোধী দলগুলি এখনও আংশিক প্রার্থী তালিকাই প্রকাশ করেছে। অন্যদিকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক সমীকরণে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বিরোধীদের উপর চাপ আরও বেড়েছে বলেই রাজনৈতিক মহলের মত। এই আবহে রাজ্যের সর্বত্র জোরকদমে শুরু হয়েছে ভোেট প্রচার। প্রায় সব দলের প্রার্থীরাই এখন নিজেদের কেন্দ্র চষে বেড়াচ্ছেন।

আরও পড়ুন: Election 2026:গভীর রাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কতজনের ভাগ্য নির্ধারণ হল জানাল কমিশন

এমন পরিস্থিতিতে শনিবার রানিগঞ্জে ভোেট প্রচারে গিয়ে সেখানকার মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানিগঞ্জের কিছু এলাকা ধসপ্রবণ হওয়ায় সেখানে বসবাসকারী মানুষদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সভা থেকে ওই ধসপ্রবণ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে আসার আবেদন জানান মুখ্যমন্ত্রী।পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়ে তিনি জানান, যারা ওই এলাকা ছেড়ে আসবেন তাঁদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এবং দুটি করে ঘর দেওয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যেই ২০০০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে, ভবিষ্যতে আরও ৪০০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়াও স্থানান্তরের সমস্ত খরচ সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। কোনও দুর্ঘটনায় যেন হাজার হাজার মানুষের প্রাণহানি না ঘটে, সেই কারণেই এই আবেদন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিনের সভা থেকে নির্বাচন কমিশনের নিয়োগ করা আধিকারিকদের উদ্দেশেও বার্তা দেন তৃণমূল নেত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে তিনি বলেন, অনেক জায়গায় ৫০০ নামের মধ্যে ৪০০ নাম বাদ দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এভাবে গণতন্ত্রকে প্রভাবিত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তারা বারবার সীমা লঙ্ঘন করছে।এছাড়া বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন। রামনবমী থেকে শুরু করে দুর্গাপুজো, ছটপুজো, ইদ বা বড়দিন-সব উৎসবই এখানে একসঙ্গে পালিত হয়। তৃণমূল সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি রঘুনাথগঞ্জে ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।