Mobile Recharge Plan: ১ মাসের রিচার্জে পুরো ৩০ দিনের বৈধতা নিশ্চিত করতে কড়া নির্দেশ সরকারের

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: মোবাইল রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) মেয়াদ ২৮ দিনের পরিবর্তে ৩০ দিন করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক চলছে। এবার সেই প্রসঙ্গেই সংসদে সরব হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন তোলেন, কেন এখনও অধিকাংশ প্রিপেড রিচার্জ প্ল্যান ২৮ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকদের বছরে ১২ বার নয়, কার্যত ১৩ বার রিচার্জ করতে বাধ্য হতে হচ্ছে।

বর্তমানে Airtel, Reliance Jio এবং Vodafone Idea-র মতো বড় টেলিকম সংস্থাগুলির অধিকাংশ প্রিপেড প্ল্যানেই এই ২৮ দিনের মেয়াদ কার্যকর। এই ব্যবস্থাকে ‘অন্যায্য’ বলেই আখ্যা দেন রাঘব চাড্ডা। তাঁর অভিযোগ, রিচার্জের মেয়াদ শেষ হলেই অনেক সময় গ্রাহকদের ইনকামিং পরিষেবাও বন্ধ হয়ে যায়। ফলে জরুরি ওটিপি, ব্যাংক সংক্রান্ত বার্তা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো হাতে পৌঁছায় না, যা সাধারণ মানুষের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন:Election 2026:গভীর রাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কতজনের ভাগ্য নির্ধারণ হল জানাল কমিশন

এই প্রেক্ষিতে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) সংসদে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে কেন্দ্র। তিনি বলেন, টেলিকম নিয়ন্ত্রক সংস্থা Telecom Regulatory Authority of India ইতিমধ্যেই সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে প্রতিটি ক্যাটাগরিতে অন্তত একটি করে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান রাখা হয়। ২০২২ সালে জারি হওয়া এই নির্দেশিকার মূল লক্ষ্যই ছিল গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো।

সরকারের মতে, যদি ২৮ দিনের পাশাপাশি ৩০ দিনের প্ল্যান আরও বেশি করে চালু করা হয়, তাহলে গ্রাহকদের বছরে একবার অতিরিক্ত রিচার্জ করার প্রয়োজন পড়বে না। এতে যেমন খরচ কমবে, তেমনই ঘন ঘন রিচার্জ করার ঝামেলাও কমবে। পাশাপাশি অব্যবহৃত ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে যাবে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole