নিউজ পোল ব্যুরো: প্রথম দফার ভোটকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তাঁর। তার আগে শুক্রবার বিকেলে তিনি (Mamata Banerjee) দুর্গাপুরে পৌঁছন। কলকাতা থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে দুর্গাপুরে যান তিনি। সিটি সেন্টারের একটি হোটেলে রাত কাটান মুখ্যমন্ত্রী।
শনিবার সেখান থেকে অন্ডালের খাঁদরায় সভা করার পর তিনি রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশে। পুরুলিয়ার রঘুনাথপুর কেন্দ্রের ইনানপুর ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ির সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর। গত নির্বাচনে এই কেন্দ্রটি বিজেপির দখলে গেলেও, এ বার সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, গতবার জয়ী বিজেপি বিধায়ককে এ বার প্রার্থী না করায় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
রঘুনাথপুরের সভা শেষে মুখ্যমন্ত্রী কাশীপুর কেন্দ্রেও জনসভা করবেন, যেখানে দলের তরুণ প্রার্থী সৌমেন বেলথরিয়ার সমর্থনে প্রচার চালাবেন। রবিবার মানবাজার কেন্দ্রের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে জিতুজুড়ি মাধবপুর মাঠে সভা করার কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে, ৩০ মার্চ বাঘমুন্ডি কেন্দ্রে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা করবেন এবং পরবর্তীতে জয়পুর কেন্দ্রেও তাঁর প্রচার হওয়ার কথা।
তবে এই সফরের আগেই পুরুলিয়ায় দলের অন্দরমহলে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। পুরুলিয়া পুরসভার একাধিক কাউন্সিলার প্রার্থী নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে পাঁচ দফা শর্ত সামনে এনেছেন। তাঁদের দাবি, পুর বোর্ড পুনর্গঠন, জেলা নেতৃত্বে পরিবর্তন, জেলা সভাপতির ক্ষমা প্রার্থনা, নির্বাচনী কোর কমিটি গঠন এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দিতে হবে। এই শর্ত পূরণ না হলে তাঁরা প্রচারে অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে দলের অভ্যন্তরীণ মতভেদ হিসেবেই দেখছেন এবং সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
